নরসিংদীতে ৪টি গরুসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে চুরি করা পিকআপ ভর্তি ৪টি গরুসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা মোড় থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- মৌলভীবাজার জেলার রাজনগর থানার ডেফলউড়া এলাকার দুরুদ মিয়া (৪৫), শ্রীমঙ্গল থানার বৌ-রাশি এলাকার মজিবর রহমান ওরফে মজিব (৩২), লমুয়া এলাকার মনির হোসেন ঝারু (৩৭), মাধবপুর থানার পোরাইকলা এলাকার ফারুক মিয়া ওরফে পরুন মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কুট্টাপাড়া এলাকার মোঃ জাহের মিয়া (৫২)।
ডিবির ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবপুর থানার ইটাখোলা মোড়ে অভিযান চালায়। এসময় ২ লাখ টাকা মূল্যের ৪ টি গরুসহ ০১টি পিকআপ ভ্যান গাড়ী জব্দ ও ৫ জন আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়েছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানায় তারা বিভিন্ন জেলা থেকে গরুগুলো চুরি করে বিক্রয়ের জন্য নিয়ে এসেছে। এর আগে গত ১৭ মে একই চক্র নরসিংদীর মনোহরদী থানার চক-মাধবদী এলাকা হতে ৬ টি গরু চুরি করে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ৬ টি গরু মনোহরদীর কোনাপাড়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। এর আগেও আটক দুরুদ মিয়ার নামে চুরি, ডাকাতি, সিধেল চুরি’র ২২ টি, মজিবর রহমানের নামে দ্রুত বিচার আইনে ১ টি মামলা, মনির হোসেন ঝারুর নামে ৮ টি মামলা এবং জাহেদ মিয়ার নামে ০১টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে বলে জানান ডিবির ওসি আবুল বাসার।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.