ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন। বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের প্রভোস্ট কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘আমাকে এ দায়িত্ব প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
এদিকে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত ১৫ মে হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় তাকে এ পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এই পদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিনের সঞ্চালনায় লালন শাহ হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান ও একই বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও অধ্যাপক ড. আব্দুল মালেক, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও একই বিভাগের অধ্যাপক ড. আবু সিনা প্রমুখ।
এছাড়াও হলের আবাসিক শিক্ষক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথি লস্কর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইয়াকুব আলী সহ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় উপস্থিত ছিলেন।
