আজ রাজনীতির মাঠে মুখোমুখি বিএনপি-যুবলীগ

শেয়ার

দশ দফা দাবিতে দেশের প্রতিটি জেলায় এক যোগে পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী দল বিএনপি। একই দিনে দেশের প্রতিটি জেলা ও মহানগরে শান্তি সমাবেশ পালন করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ। বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির পর শুক্রবার নিজেদের তিন দিনব্যাপী শান্তি সমাবেশের রূপরেখা জানিয়েছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। এদিকে বিএনপির কর্মসূচিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ বাতিল ছাড়াও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশের সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি।

অপরদিকে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে’ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। কর্মসূচির প্রথম দিনে শনিবার দেশের সব জেলা-মহানগরে শান্তি সমাবেশ পালন করবে সংগঠনটি। পরদিন রোববার দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় শান্তি সমাবেশ পালিত হবে। এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার দেশের সকল ইউনিয়নে শান্তি সমাবেশ পালন করবে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন।

বিএনপির কর্মসূচির প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে নিয়মিত শান্তি সমাবেশ পালন করে যাচ্ছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠন। তারই অংশ হিসেবে এবার সারাদেশে এই কর্মসূচির ঘোষণা দিলো যুবলীগ। একইদিনে বিএনপিবিরোধী শান্তি সমাবেশ পালিত হবে কেরাণীগঞ্জে। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘাটারচরে আয়োজিত সমাবেশে যোগ দেবেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপির ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির দিনেও পাল্টাপাল্টি কর্মসূচি ছিল আওয়ামী লীগের। দেশের ৪০ জেলায় কেন্দ্রীয় ৫৩ নেতাকে পাঠিয়ে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচির দিনে সিরাজগঞ্জ, ভোলা, জামালপুর, গাজীপুর, নাটোরে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ সময় দুই রাজনৈতিক দল ও পুলিশের প্রায় শতাধিকজন আহত হয়েছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.