সব রোগেরই কিছু প্রাথমিক লক্ষণ থাকে। এসব লক্ষণ দেখে সতর্ক হলে রোগের চিকিৎসা সহজতর হয়।
রোগ নিয়ন্ত্রণ করাও সহজ হয়। ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ বার বার মূত্রত্যাগের বেগ আসা। অনেকের মনেই প্রশ্ন জাগে বার বার মূত্রের বেগ পাওয়াই কি তবে ডায়াবেটিসের পূর্বাভাস।
আসলে এটি ডায়াবেটিস ইনসিপিডাসের লক্ষণ। সাধারণ ডায়াবেটিস থেকে এটি আলাদা। শরীরে ভেসোপ্রেসিন নামক হরমোনের ভারসাম্য নষ্ট হলে এ রোগ হয়। এই স্বাস্থ্য সমস্যা দেখা দিলে মূত্রের পরিমাণ বেড়ে যায় উল্লেখজনক হারে। ফলে বারবার মূত্রত্যাগের বেগ আসে।
ডায়াবেটিস ইনসিপিডাস বেড়ে গেলে দিনে ২০ লিটারের সমান মূত্রও উৎপন্ন হতে পারে। পাশাপাশি পিপাসা বেড়ে যায়। ফলে বারবার পানি পান করতে উদ্যত হন রোগী। এমন লক্ষণ দেখা দিলে সাধারণত রোগীকে কিছুক্ষণ জল পান থেকে বিরত রাখা হয়। এরপর মূত্রে ও রক্তে তরলের পরিমাণ পরীক্ষা করার নির্দেশ দেন চিকিৎসকরা।
রোগ চিহ্নিত হলে, ভেসোপ্রেসিন হরমোনের অনুরূপ কৃত্রিম একটি উপাদান প্রয়োগ করেন চিকিৎসকরা। নাকের স্প্রে, ট্যাবলেট কিংবা ইনজেকশনের মাধ্যমে এই ওষুধ দেওয়া যেতে পারে। তবে এমন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
