জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও নার্সদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে চিকিৎসক ও নার্সদের মধ্যকার সম্পর্ক উন্নয়নের প্রয়োজন বলেও জানান তিনি।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ‘ভাষা আন্দোলন, ববঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদের নব জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। সম্প্রতি শতাব্দীর মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন দেওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আপনাদের সহযোগিতায় আমরা তা সফলতার সাথে মোকাবিলা করেছি। করোনা নিয়ন্ত্রণে আমরা বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় প্রথম হয়েছি।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব বলে আশা করি। আমি ৩৫০ উপজেলায় স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেছি। চিকিৎসক-নার্সদের ভূমিকা আরও জোরালো হওয়া দরকার। এটেনডেন্ট নয়, রোগীকে সেবা করার দায়িত্ব নার্সদের। তাদের এই দায়িত্ব পালন করতে হবে।
