নরসিংদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

শেয়ার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে সাখাওয়াত হোসেনের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে জুতার দোকান, হার্ডওয়ারের দোকান,কাপড়ের দোকানসহ ১০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারী ) সকাল ৭টার দিকে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৭টার দিকে হাতিরদিয়া বাজারের সাখাওয়াত হোসেনের মার্কেটের আব্দুল লতিফের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুতই পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মনোহরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, শিবপুরের ১টি,নরসিংদীর ১টিসহ ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।

পাশাপাশি দোকান গুলোর অবস্থান থাকার কারণে আগুনের তীব্রতা ছিল বেশী। যার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। প্রায় একঘন্টার চেষ্ঠায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় আগুনে সাখাওয়াত হোসেনের হার্ডওয়ারের দোকান,আব্দুল লতিফের জুতার দোকান, বাদশা মিয়া, রিফাত,আমানউল্লাহ,আনাছ মিয়া, একটি মুদি দোকান, ফুটপাতের কাপড়ের দোকান ও ক্যাশে থাকা নগদ অর্থসহ ১০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার ( ইনচার্জ) মোঃ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

এসময় আমাদের সাথে নরসিংদী ফায়ার সার্ভিসের (উপ-পরিচালক) আবুল কালাম আজাদ স্যার উপস্থিত ছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ১০টি দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আমরা কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক। এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.