লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামানকে ফুলসজ্জিত গাড়ি ও ফুলের দঁড়ি দিয়ে গাড়ি টেনে রাজসিক বিদায় জানানো হয়।
গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে অতিরিক্ত ডিআইজ পদে সদ্য পদোন্নতি জনিত কারণে কামরুজ্জামান জেলা পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হন।
এদিকে এসপির রাজসিক বিদায়ে কাঁদলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পলাশ কান্তি নাথ। দক্ষতার সহিত সহকর্মীদের নিয়ে একাগ্রচিত্তে জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে সকল শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে স্থান করে নেন কামরুজ্জামান।
এভাবে রাজসিক বিদায় এর আগে অন্য কোন এসপিকে দেওয়ার নজির নেই। সচেতন মহলের ভাষ্যমতে, এসপি কামরুজ্জামান একজন চৌকস কর্মকর্তা ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোষ্ট দেওয়া কোথাও কোন অন্যায়ের তথ্য পেলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিয়েছেন।
করোনাকালীন বিভিন্ন জনের দেওয়া তথ্যে মানুষের বাড়িতে গোপনে খাবার পৌঁছে দিয়েছেন। দায়িত্বপালনকালে তিনি বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ও রহস্য উদঘাটন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কৃতিত্ব স্থাপন করেছেন।
জেলা পুলিশ জানায়, কামরুজ্জামান কুষ্টিয়া জেলার বাসিন্দা। প্রায় ৩ বছর ১ মাস তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পান। তিনি ঢাকা মেট্রো-পলিটন পুলিশের যুগ্ম-কমিশনার হিসেবে যোগদানের কথা রয়েছে। সেই সূত্রে তিনি নতুন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফকে দায়িত্ব বুঝিয়ে বিদায় নেন।
