আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান বলেছেন, ‘শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ২১ আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতেই তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত চার দলীয় জোট সরকারের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা পরিচালনা করা হয়। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪জন নেতাকর্মী শহীদ হন। শেখ হাসিনাসহ আহত হন প্রায় ৩০০জন। আহত অনেক নেতাকর্মী এখনো দুর্বিসহ জীবন যাপন করছেন।’
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত চার দলীয় জোট সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে রবিবার (২১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন খান এসব কথা বলেন।
এমপি আনোয়ার খান বলেন, ৭৫-এর ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গঁাথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা। ১৫ আগস্ট মূল লক্ষ্য ছিলেন বঙ্গবন্ধু। আর ২১ আগস্টে মূল লক্ষ্য ছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, গ্রেনেড হামলা চালানোর হীন উদ্দেশ্য ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ধ্বংস করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এর আগে রামগঞ্জ সরকারি কলেজ গেইট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে অংশ নেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান।
পরে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন্দ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, পৌর ছাত্রলেিগের আহবায়ক হাবিবুর রহমান মিলন আটিয়া প্রমুখ।
