মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী পিক-আপ ভ্যানের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় পিক-আপ ভ্যানের চালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মকর্তা আহত হয়েছেন।
সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাগবাড়ী,মাধবদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে পিক-আপ ভ্যানের চালক মোঃ সেলিম মিয়া(২৯) ও গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিষ্ট মোঃ নজরুল ইসলাম (৩৫) আহত হন। পিক-আপ ভ্যান চালক সেলিমের অবস্থা আশংকাজনক। আহত নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলাম। আমাদের গাড়ীটি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাগবাড়ী,মাধবদী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপ ভ্যানের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। চালক সেলিম গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চালক সেলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস এবং পিক-আপ ভ্যান পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। এখন রাস্তায় যানচলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।
