মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীতে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার (১৭ই এপ্রিল) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার কাঠালিয়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন ঘাট থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
রবিবার রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মাধবদীর বঙ্গারচর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. তরিকুল ইসলাম । স্থানীয় লোকজন ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শীতলক্ষ্যা নদীর ঘাটে গোসল করার সময় এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে তারা ঘোড়াশাল ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানালে তারা মাধবদীর বঙ্গারচর নৌ পুলিশ স্টেশনে খবর দেন। পরে বিকেলে নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাধবদীর বঙ্গারচর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর মরদেহ নদীর পানিতে ডুবে ছিল। এতে তাঁর সারা শরীর ফুলে গিয়ে বিভৎস রূপ নিয়েছে। তবে নিহত যুবকের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধারে পুলিশ কাজ করছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
