বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের আস্তর ধ্বসে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এ সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অন্যান্য রোগীরা। আহত রোগীর নাম আব্দুস ছালাম (৬০)। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহ যাবত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১৩ এপ্রিল) রাত ১০ টার সময় হাসপাতালের দোতালার পুরুষ ওয়ার্ডের ১৩ নং বেডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার শুনে আশপাশের অন্যান্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃদ্ধের মাথায় পলেস্তারা পরে মাথা ফেটে যাওয়ায় সাতটি সেলাই দিতে হয়।তাৎক্ষণিক কর্তব্যরত ডাক্তারগণ তার চিকিৎসা করে বেডে দেন।
এ সময় হাসপাতালে দায়িত্বে থাকা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রবীন্দ্রনাথ সরকার বলেন, একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। এ বিপদ শুধু রোগীদের না আমরা চিকিৎসা দিতে এসেও বিপদে পরতে পারি, দ্রুত রোগীদের স্থানান্তর করার ব্যবস্থা করছি।
হাসপাতালের এই ভবনটি অনেক পুরোনো। এটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলমান ছিল।
আশাকরি কিছুদিনেই ভিতরেই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহবান করা হবে।পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার বলেন,আমি কর্তৃপক্ষকে আগেই বলেছি ভবনটি সংস্কারের জন্য,তারা কর্ণপাত করেন নি।যার কারনে আজ বড় ধরনের বিপদে পরতে হল।তিনি বলেন,আহত আব্দুস চিকিৎসার যাবতীয় দ্বায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে।
