নরসিংদীর শিবপুরে রিকশা চালকের মরদেহ উদ্ধার

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে এক কিশোর রিকশাচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর মিলন মিয়া (১৪) নীলফামারীর ডিমলা উপজেলার নাওতারা এলাকার মোরশিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। নীলফামারী এলাকার আরও কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি মেসে ভাড়া থেকে রিকশা চালাত সে। মিলন মিয়ার সঙ্গে একই মেসে থাকা রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই বছর ধরে নরসিংদী শহরে রিকশা চালাত মিলন।

অভাবের সংসারে কিছুদিন নরসিংদীতে এসে রিকশা চালাত আবার কিছু টাকা জমা হলে বাড়িতে গিয়ে পড়াশোনা করত। গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মেসে তারা একসঙ্গে রাতের খাবার খান। এরপর মোটরচালিত রিকশা নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হয় মিলন। রাতে সে আর মেসে ফেরেনি। আজ সকালে তার ডান হাতের রগকাটা অবস্থায় লাশ উদ্ধারের খবর পান তারা ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পথ ধরে যাওয়ার সময় ধানখেতে অজ্ঞাত কিশোরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে শিবপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোরের পরনের টি–শার্টে ছাপা নীলফামারীর একটি ক্লাবের মোবাইল নম্বর পেয়ে তাতে কল দেওয়া হয়। তাদের কাছ থেকে ঘটনা জানতে পেরে কিশোরের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে তার সহকর্মী রিকশাচালকেরা নরসিংদী সদর হাসপাতালের মর্গে এসে নিহত কিশোরের লাশ শনাক্ত করেন। নিহত কিশোর মিলন যে গ্যারেজে রিকশা রাখত, সেই গ্যারেজ মালিক আবু জাহিদের সাথে কথা বলে জানাযায়, হত্যাকাণ্ডের পর থেকে রিকশাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাদের ধারণা, মোটরচালিত রিকশাটি ছিনতাইয়ের জন্যই হয়তো তাকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রেখে যায় । এবার সে নরসিংদী এসেছিল একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন কেনার আশায়। রিকশা চালিয়ে জমানো আয় থেকে গতকাল আট হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছিল সে।

তবে সেই মোবাইল ফোন আর ব্যবহার করা হলো না তার। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া জানান, ধানখেত থেকে ওই কিশোর রিকশাচালকের ডান হাতের রগকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তার রিকশাটি ছিনতাই করতেই হয়তো তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তা তদন্ত করে জানা যাবে মৃত্যুর আসল কারণ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.