নরসিংদীতে রাজমিস্ত্রী হত্যায় জড়িত প্রধান আসামী গ্রেপ্তার

শেয়ার

জেলা প্রতিনিধি, নরসিংদী।

নরসিংদীতে এক রাজমিস্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী ইয়াসিন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১।

বুধবার (৯ই মার্চ) দুপুরে সদর থানাধীন করিমপুর দক্ষিনপাড়া হতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ তৌহিদুল মবিন খান।

গ্রেপ্তারকৃত আসামী ইয়াসিন মিয়া নরসিংদী সদর থানার নজরপুর গ্রামের মোঃ হারুনের ছেলে।

র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ তৌহিদুল মবিন খান জানান, গত মঙ্গলবার সকাল নয়টার দিকে সদর উপজেলার নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

মরদেহটি নজরপুর গ্রামের মৃত আবুল হাশিম মিয়ার এর ছেলে পেশায় রাজমিস্ত্রী দুলাল মিয়ার (৩৯) বলে শনাক্ত করেন পরিবারের লোকজন।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান।

ওই দিন রাতে নিহতের মা করিমুন নেছা বাদী হয়ে সদর থানায় ইয়াসিন মিয়া (২৫) ও তার পিতা হারুন মিয়া (৫০) সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তারে নামে র‌্যাবের একটি দল। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর প্রধান আসামি ইয়াসিন মিয়া তার এক আত্মীয়ের বাসায় স্বপরিবারে আত্মগোপনে থাকাবস্থায় আটক করে র‌্যাব।

তিনি আরো জানান, দুলাল মিয়ার সাথে আটক হওয়া ইয়াসিনের জমি জমাসংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল। হত্যাকাণ্ডের শিকার দুলাল মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আসামী ইয়াসিন মিয়া। পরে আসামীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে দুলাল মিয়াকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

এই খুনে জড়িত প্রধান আসামী ২৪ ঘন্টার মধ্যে আটক হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.