জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে আপিল বোর্ড। সেই সংগে নিপুণ আক্তারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।
আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, জায়েদের অর্থ প্রদানের অভিযোগ সত্য। এছাড়া পীরজাদা হারুন পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
ঘোষণার সময় নিপুন আক্তার আপিল বোর্ডের চেয়ারম্যানের পাশেই বসা ছিলেন। এই সময় আবেগআপ্লুত হয়ে পড়ের নিপুন। কান্নাজড়িত কন্ঠে নিপুন বলেন, সত্যের জয় হয়েছে। অনেকবার পীরজাদা হারুনের কাছে গিয়েছি তিনি হেল্প করেননি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। সাধারণ সম্পাদক পদে হেরে প্রার্থী নিপুণ আক্তার ভোট কেনার অভিযোগ এনে সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচনের আপিল বোর্ডের কাছে আবেদন করেছিলেন। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সেই অভিযোগ আমলে নিয়ে দিক-নির্দেশনা চেয়ে বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছেন। অবশেষে সেই বির্তকের যেন আজ অবসান হলো এই রায়ের মধ্য দিয়ে।
