ইবি সংবাদদাতা:
বর্ণাঢ্য আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। শনিবার (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগটি।
অনুষ্ঠানে বিভাগীয় ছাত্র উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব। এসময় বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. এ. কে. এম শামছুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. কামরুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় ছাত্র উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কৃত্বিতের সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা। তোমাদেরকেও সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। আজকের এই দিনটি তোমাদের জন্য আনন্দের, কিন্তু যেদিন তোমরা এখান থেকে বিদায় নেবে সেদিন তোমাদের জন্য বেদনাদায়ক হয়ে যাবে। তোমরা জ্ঞানের সমুদ্রে চলে এসেছো। তোমরা এখান থেকে চলে যাওয়ার সময় যতটুকু সংগ্রহ করতে পারবে এটাই তোমাদের স্বার্থকতা।
অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, এই বিভাগে একই সাথে ভাষা ও সাহিত্যের চর্চা হয়, কেউ চাইলে এখান থেকে ভাষাবিদ, কবি ও ছন্দ বিশারদ হতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, তোমাদেরকে পড়তে হবে। যদি আমরা দেখি তোমরা লাইব্রেরি, মসজিদ কিংবা ক্লাস রুমে আছো তাহলে আমরা আনন্দিত হবো। আর যদি দেখি তোমরা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করছো, স্লোগান দিচ্ছো, তাহলে আমারা আনন্দিত হবো না। আমরা চাই না আমাদের ছেলে-মেয়েরা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করুক। পড়ার টেবিল থেকে নিজেকে মুক্ত করলে এটা আমাদের আনন্দিত করবে না। তাই তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো।।
এছাড়াও অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মদ আলী, অধ্যাপক ড. আব্দুস সালাম , অধ্যাপক ড. কাওছার বাকী বিল্লাহ, ও অধ্যাপক ড. সাইফুল গণি নোমান সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এদিকে, একই দিনে বিশ্ববিদ্যালয়ের আইন, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, আইন ও ভূমি ব্যবস্থাপনা, মার্কেটিং এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগসহ প্রায় সকল বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত রাখার জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য মাইকিং করে প্রচার প্রচারণা চালানো হয়েছে। কারও বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ প্রমানিত হলে তার ছাত্রত্বও বাতিল হতে পারে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে। র্যাগিংয়ের সাথে কারও সম্পৃক্ততা থাকলে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো।
