মোঃ মোবারক হোসেন
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে মোটর সাইকেলের ধাক্কায় হোসেন শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে । সোমবার (১৪ই ফেব্রুয়ারী) দুপুরে পৌর এলাকার সাটিরপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত হোসেন শাহ নরসিংদী সদরের ব্রাহ্মনপাড়া এলাকার কাদের মুনসির ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানী ছিলেন।
স্থানীয়রা জানায় , সোমবার দুপুর বারোটার দিকে হোসেন শাহ নামে ওই ব্যাক্তি পৌর এলাকার কালিকুমার উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পাড় হচ্ছিলেন। এসময় পৌরসভা মোড় অভিমুখী একটি মোটরসাইকেল দ্রুতবেগে এসে হোসেন শাহকে ধাক্কা দেয় । মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা এবং পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান হোসেন শাহ। এদিকে, ঘটনার পরই ক্ষুব্ধ এলাকাবাসী ওই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
শাকিল মিয়া নামে এক এলাকাবাসী জানায়,
মোটরসাইকেলটি খুব বেপরোয়া গতিতে চালাচ্ছিলো । যার কারণে শরীরের বিভিন্ন অংশে আঘাত পায় নিহত ওই ব্যাক্তি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, সড়ক দূঘটনায় একজন মারা গেছেন। বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
