হাইকোর্টে ফের জামিন আবেদন মিন্নির

শেয়ার

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে ফের জামিন আবেদন করেছেন।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। মাঝে কয়েক মাস বিরতি দিয়ে আবারও জামিন আবেদন করলেন মিন্নী। সোমবার (৮ মে) মিন্নির আইনজীবী মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ জানুয়ারি মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্টের একটি বেঞ্চ। ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে একদল যুবক কুপিয়ে হত্যা করে। আলোচিত সেই হত্যা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খাঁন হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি।

খালাস পান মো. মুসা (পলাতক), রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সাইমুন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.