সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে সেখানে রোজা শুরু হচ্ছে আজ শনিবার (২ এপ্রিল) থেকে।
এ বছর পবিত্র রমজান মাস কবে শুরু তা নিয়ে আগ্রহের অন্ত নেই ধর্মপ্রাণ মুসলমানদর। রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন থেকে। ফলে শুক্রবার ওইসব দেশে চাঁদ দেখা গেলো কি না তা জানতে অধীর হয়ে রয়েছেন বহু মানুষ।
এর আগেই অবশ্য বেশ কয়েকটি দেশ এ বছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে। ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে।
ব্রুনেইয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার তাদের দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে শনিবার সেখানে শাবান মাসের শেষ দিন ধরা হবে, যার ফলে রোজা শুরু হবে রোববার থেকে।
এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াও জানিয়েছে, আগামী রোববার থেকে সেখানে পবিত্র রোজা পালন করা হবে।
