ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃস্বপ্নের মত এক মৌসুম কাটছে লিভারপুলের। মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো থেকেই ছিটকে গেছে দলটি। এদিকে মৌসুমের শেষ দিকে কিছুটা ছন্দ ফিরে পেলে স্বস্তিতে দলটি। গতকাল ঘরের মাঠে সালহার একমাত্র গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ক্লপের দল। তবে এদিন অ্যানফিল্ডে ম্যাচ শেষে দারুণ কীর্তি নিয়ে মাঠ ছাড়লেন দলটির স্ট্রাইকার মোহামেদ সালাহ ও গোলরক্ষক আলিসন বেকার।
এদিন ম্যাচের ১৩তম মিনিটে অলরেডদের হয়ে একমাত্র গোলটি সালাহ। ২০১৭ সালে যোগ দেওয়ার পর লিভারপুলের হয়ে এটি ছিল তার ১৮৬তম গোল। ক্লাবের ইতিহাসের পঞ্চম শীর্ষ গোলদাতা সাবেক অধিনায়ক স্টিভ জেরার্ডের পাশে বসলেন তিনি। এছাড়া অ্যানফিল্ডে ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের এটি ছিল শততম গোল। এরইসঙ্গে লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল করার ইতিহাস গড়লেন তিনি। অন্যদিকে ক্লাবটির হয়ে গোল না খাওয়া শততম ম্যাচ পার করলেন ব্রাজিলের তারকা গোলরক্ষক অ্যালিসন।
অ্যানফিল্ডে রাত সাড়ে ১০টায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও ব্রেন্টফোর্ড। ১৩তম মিনিটে অলরেডদের হয়ে লিড নেন সালাহ। ডি-বক্সের বাঁ দিক থেকে হেডে বল পান লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। তিনি গোলের সামনে গিয়ে সালাহর কাছে বল পাস করেন। কিন্তু বল পেয়ে ঠিকমতো পায়ে নিতে পারেননি সালাহ। তবুও ব্যর্থ হননি মিসরীয় এ ফরোয়ার্ড। তার ডান পায়ের ছোঁয়া লেগে বল ঠিকই গোলের ঠিকানা খুঁজে নেয়।
অপরদিকে ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে ব্রায়ান এমবোমোর গোলটি বাতিল হয়। নইলে সমতায় ফিরেই প্রথমার্ধ শেষ করতে পারত ব্রেন্টফোর্ড। বিরতির পর কোডি গাকপো কাছ থেকে গোলের সুযোগ নষ্ট করেন। নইলে আরও একটি গোল পেত লিভারপুল। এরপর ম্যাচের বাকি সময় আর গোলের দেখা না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহাম্মদ সালাহরা।
এই জয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান চার নম্বর থেকে ১ পয়েন্ট পেছনে তারা। ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট অলরেডদের। দুই ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানইউ।
