সান্তিয়াগো বার্নাব্যুতে সিটির স্বস্তির ‘ড্র’

শেয়ার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগের রোমাঞ্চকর ম্যাচে রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ জায়ান্টদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বরাবরের মতোই ফেভারিট ছিল কার্লো আনচেলত্তির দল। তবে রিয়াল সমর্থকদের উল্লাস থামিয়ে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই বেশ আক্রমণাত্মক সফরকারীরা। একের পর এক আক্রমণে রিয়াল সমর্থকদের চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছিল আর্লিং হলান্ডরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না।

ম্যানসিটির একাধিক আক্রমণের পর ৩৬ মিনিটে অসাধারণ এক গোলে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। ডি বক্সের ২৫ গজ দূর থেকে জোরালো শট ম্যানসিটের গোলরক্ষক এডারসনকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে। আর তাতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া ম্যান সিটি একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। অবশেষে বেলজিয়াম তারকা ডি ব্রুইন ৬৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান। ডি বক্সের বাইরে ইলকে গুনদোগানের বাড়িয়ে দেওয়া বলে দুর্দান্ত শট নেন তিনি। রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে আনন্দে ভাসে পেপ গার্দিওলার শিষ্যরা।

শেষ দিকে দুই দলের একাধিক আক্রমেণে আর গোল না হলে রিয়ালের মাঠ থেকে ১-১ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। সেমি ফাইনালের পরবর্তী লেগ ১৮ই মে ইতিহাদ স্টেডিয়ামে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.