লক্ষ্মীপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু

শেয়ার

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাংবাদিক শাহ মনির পলাশের (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গতকাল বুধবার সকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামে পলাশের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
এদিকে, মৃত্যুর খবরে সকালে উত্তেজিত এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় বিক্ষোভ করে খুনিদের বিচারের দাবি জানানো হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
নিহত পলাশ দৈনিক রূপবানী পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (বিএ) ফলপ্রত্যাশী। তিনি পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের মনির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৯টার দিকে সাংবাদিক পলাশদের বাগানের গাছ কেটে নেওয়ার চেষ্টা করে তার দুই চাচাতো ভাই আবু ইউছুফ ও আবু ছায়েদ।
বাধা দিলে পলাশের বাবাকে তারা ইট নিক্ষেপ করে। এতে তার বৃদ্ধ বাবা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে ওই দুই চাচাতো ভাই পলাশকে রড দিয়ে মাথায় ও বুকে আঘাত করে। এতে মাথা ফেটে পলাশ অচেতন হয়ে পড়েন। ভাইকে বাঁচাতে গেলে বোন নাছিমা আক্তার বেগমকে মারধর করে গলায় সোনার হার ছিনিয়ে নেয়।
খবর পেয়ে আশপাশের লোকজন এসে পলাশকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে নোয়াখালী হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিযুক্ত আবু ইউছুফ ও আবু ছায়েদ নাছিমনগর গ্রামের হাজী আক্তারুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সকালে মাছিমনগর গ্রাম থেকে আবু ইউছুফের স্ত্রী ফয়েজুন নেসাকে আটক করেছে।
লক্ষ্মীপুর সদর থানার এসআই রেজাউল করিম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে পলাশকে পিটিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতের আটকের চেষ্টা চলছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.