প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে বজ্রপাতে মো. জয় (১৭) নামে এক বাইক আরোহী কিশোর নিহত হয়েছে। বাইক চালিয়ে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
রাজশাহীর পবা উপজেলার হুজরিপাড়া এলাকায় রোববার বিকাল ৩টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত জয় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বড়বনগ্রাম শেখপাড়া মহল্লার জিয়াউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পবার হুজরিপাড়া এলাকায় চাচাতো দুলাভাই জিয়ারুল ইসলামের বাসায় দাওয়াত খেতে যায় জয়। খাওয়া শেষে পাশেই একটি ব্রিজ দেখতে বের হয় সে। বাইক চালিয়ে যাওয়ার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে জয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।
