পাঁচ দফা দাবি নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই দুটি সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। একই সঙ্গে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা এবং টেকনিক্যাল মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেয়। এর প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেছেন তারা।
তাদের দাবিগুলো হলো-
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।
