মজুরি বাড়ানোসহ কয়েকটি দাবিতে মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
ঘণ্টাখানেক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে দেখা গেছে এমন চিত্র। শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, মিরপুর ১৪ ও ১৩ নম্বর সেকশনের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ১০ নম্বর গোলচক্করে অবস্থান নেন।
শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি।
ঘণ্টাখানেক অবস্থানের পরে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়কের আশেপাশে অবস্থান নিয়েছেন। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।
