পাকিস্তান ক্রিকেটারদের ব্যস্তসূচি যেন শেষই হচ্ছে না। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা। তবে তিন ম্যাচ সিরিজে দলে ব্যাপক পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৫ সদস্যের দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক বাবর আজম। বাদ পড়ার তালিকায় রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং ফখর জামান। দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন ক্রিকেটার। যাদের সকলেই এবারের পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্স করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে আলাদা ভাবে নজর কেড়েছিলেন ব্যাটার আজম খান, অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তাদের দুইজনই ডাক পেয়েছেন আফগানিস্তান সিরিজে। পিসিবি মূলত তাদের ব্যস্ত সূচির জন্য সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে।
দীর্ঘ দুই বছর পর পাকিস্তানের জার্সিতে ফিরতে যাচ্ছেন ইমাদ। এছাড়াও পিএসএলে দুর্দান্ত পারফর্ম করায় আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, জামান খান ও তায়েব তাহিরের মতো ক্রিকেটাররা।
২৪ মার্চ শুরু হবে তিনটি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। আর বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।
আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-
শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইনসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শান মাসুদ, তায়েব তাহির এবং জামান খান।
রিজার্ভ ক্রিকেটার: আবরার আহমেদ, হাসিবুল্লাহ, উসামা মীর।
