সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৫১ কোটি রুপি। এই রুপির মধ্যেই নতুন মৌসুমের জন্য দল গঠন করতে হবে। কারণ আগের ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে তারা।
কলকাতা আগের স্কোয়াড থেকে রেখে দিয়েছে সুনিল নারিন, আন্দ্রে রাসেল, রিংকু সিং, রামানদীপ সিংহ, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীকে। নারিন মূলত স্পিনার হলেও দলটির হয়ে ব্যাট হাতেও ইনিংস ওপেন করেন। অলরাউন্ডার হিসেবে থাকছেন রাসেলও। রিংকু এবং রামানদীপ মিডল বা লোয়ার মিডল অর্ডারে খেলতে পারেন। রানা পেসার হিসেবে আছেন। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন বরুণ।
এদিকে ওপেনিংয়ে নারিনের সঙ্গী হিসেবে সল্টকে নিতে পারে কলকাতা। গত বছর কলকাতার হয়ে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি। যদি সল্টকে না পাওয়া যায়, সেক্ষেত্রে গুরবাজেকে চাইতে পারে তারা। তাছাড়া ভারতীয় কাউকে নিতে চাইলে ঈশান কিশানের ওপর নজর থাকবে। এই তালিকায় আছেন ঋষব পান্তও।
কেকেআরের প্রয়োজন এক জন অভিজ্ঞ পেসার। গত মৌসুমে এই দায়িত্ব সামলেছিলেন মিচেল স্টার্ক। এবার সেই জায়গায় তাদের নজর থাকবে জেরাল্ড কোয়েটজে, গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদের মতো পেসারদের ওপর। তাছাড়া ভারতীয় মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজও থাকতে পারেন বিকল্প তালিকায়। পেসারের জন্য চড়া মূল্য খরচ করতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা।
কলকাতায় স্পিনার হিসাবে নারিন এবং বরুণ আছেন। আরেক জন স্পিনারকে নিতে পারে কেকেআর। বিদেশি স্পিনার হিসেবে আল্লাহ গাজানফারকে নিতে পারে তারা। ভারতীয় কাউকে নিলে আবার সুয়াশ শর্মাকে ফেরাতে পারে কেকেআর। অভিজ্ঞ কাউকে নিতে চাইলে ভারতীয়দের মধ্যে রয়েছেন যুজবেন্দ্র চহাল, রবিচন্দ্রন অশ্বিনও।
