বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার

শেয়ার

ভূমধ্যসাগরে দুর্দশাগ্রস্ত একটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান বেসরকারি সংস্থার জাহাজ হিউম্যানিটি-১। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস।

খবরে বলা হয়েছে, বুধবার ইউরোপীয় সময় সকাল ১১টার দিকে সেন্ট্রাল ভূমধ্যসাগরের মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে বিপদসংকুল অবস্থায় নৌকাটিকে দেখতে পায় এসওএস হিউম্যানিটির উদ্ধারকারী জাহাজটির নাবিকেরা। এরপর সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযান শুরু করে তারা।

হিউম্যানিটি-১ এর নাবিকেরা জানিয়েছেন, অভিবাসীবোঝাই নৌকাটিতে কোনো লাইফজ্যাকেট ছিল না। ছিল না জীবন রক্ষাকারী কোনো সরঞ্জাম।কোনো দুর্ঘটনা ছা্ড়াই এক ঘণ্টার অভিযানে নৌকায় থাকা সব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ও জাহাজে তোলা সম্ভব হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসওএস হিউম্যানিটি জানিয়েছে, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানোর পরও অভিযানের সময় কারও সহযোগিতা পায়নি হিউম্যানিটি-১ এর নাবিকেরা।

উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, তাদের নিয়ে আসা কাঠের নৌকাটি মঙ্গলবার সন্ধ্যায় লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসে।অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগ বাংলাদেশি, তাদের সঙ্গে দুই জন অভিভাবকহীন শিশু ছিল বলেও জানিয়েছে সংস্থাটি। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

উদ্ধারের পর সব অভিবাসনপ্রত্যাশীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে হিউম্যানিটি-১। ইউরোপীয় সময় দুপুর দেড়টার দিকে হিউম্যানিটি-১ জাহাজটিকে লিভর্ন বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। বন্দরটি অভিযানের স্থান থেকে অন্তত এক হাজার কিলোমিটার দূরে। ওই বন্দরে পৌঁছাতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছে হিউম্যানিটি-১।

এসওওস হিউম্যানিটি জানিয়েছে, আবারও এতো দূরের বন্দরে নোঙরের নির্দেশ দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের দ্রুত সময়ের মধ্যে ইতালিতে প্রবেশের অধিকারকে অস্বীকার করছে দেশটির কর্তৃপক্ষ। সোম থেকে বুধবার এই তিন দিনে ভূমধ্যসাগরে দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে কাজ করা তিনটি উদ্ধারকারী জাহাজ আটক করেছে ইতালি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.