পদার্থ বিজ্ঞানের প্রশ্ন ফাঁস : ৫৬ পরীক্ষার্থী নজরদারিতে

শেয়ার

নগরীর কোতোয়ালি থানাধীন বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে এসএসসি পরীক্ষার্থীদের মোবাইলে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র পেয়েছে প্রশাসন। পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র পাওয়ায় চট্টগ্রাম আইডিয়াল স্কুলের ৫৬ পরীক্ষার্থী নজরদারিতে রেখে একটি আলাদা কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। এরপর তাদের নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হতে পারে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা শুরুর আগে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় মূল প্রশ্ন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, পরীক্ষার্থীরা শ্যামলী পরিবহনের একটি বাসে করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই বাসের শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র আছে। পরে ওই তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে কোতোয়ালি থানার জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে ওই বাসে তল্লাশি চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ আলীর নেতৃত্বে একটি টিম।

এ সময় ওই বাসে থাকা ৭/৮জন শিক্ষার্থীর মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়া যায়। ওই প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল পাওয়া যায়।তিনি আরও বলেন, ‘আটক পরীক্ষার্থীদের বিশেষ নজরদারিতে রেখে একটি আলাদা কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। এরপর তাদের নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসে তল্লাশি চালাই। এ সময় বাসে থাকা পরীক্ষার্থীদের মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়া যায়। শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপ- এর মাধ্যমে মোবাইল ফোনে প্রশ্নপত্র ও উত্তরপত্র আদান-প্রদান করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত না। কারও কাছ থেকে প্রশ্নপ্রত্র পেয়ে তারা নিজেদের মধ্যে শেয়ার করেছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.