নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই: তারেক রহমান

শেয়ার

‘নির্বাচনি ব্যবস্থা যদি ঠিক করতে না পারি, তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড়, তুফান, বন্যা, খরা যা-ই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই, সেই ব্যবস্থা গড়ে তুলতেই হবে। এই লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়ায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও ‘জনসম্পৃক্তি’ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

এ কর্মশালায় কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার নেতা-কর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন, সংসদে নারী আসন বৃদ্ধি, জেলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও প্রান্তিক কৃষকদের মাঝে কার্ড বিতরণ সম্পর্কে আলোকপাত করেন তারেক রহমান।

তিনি বলেন, ‘অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার, নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবে। সেই বিশ্বাস থেকেই আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। স্বৈরাচার সবকিছু ধ্বংস করেছে, সেই দেশকে মেরামত করতে হবে। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করতে চাচ্ছে, তার সবই এই ৩১ দফায় রয়েছে। কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে।’

প্রশিক্ষণে অংশ নেওয়া নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিগত ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের হাতে বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা স্বাধীন ছিল না। তাদের বাকস্বাধীনতা ছিল বন্ধ। স্বাধীনভাবে চলা ও কথা বলতে পারত না মানুষ। গুম, অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তারা তা পারেনি। ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে।’

এদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

অন্যদিকে মাগুরায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি নিতাই রায় চৌধুরী। এতে বেক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এ কর্মশালায় মাগুরা সদর উপজেলা, শ্রীপুর উপজেলা, মহম্মদপুর উপজেলা ও শালিখা উপজেলার ৩৭০ জন বিএনপির জ্যেষ্ঠ নেতা অংশ নেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.