নরসিংদীতে “সমলয়ে বোরো” চাষের কৃষক সমাবেশ । 

শেয়ার

মোঃ মোবারক হোসেন 

নরসিংদী জেলা প্রতিনিধি। 

নরসিংদীর মনোহরদীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদী উপজেলার পৌরসভার হাররদিয়া গ্রামের মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনোহরদীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ ছাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ বেনজীর আলম, অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার।

প্রধান অতিথি বলেন, ধান চাষে কৃষি যান্ত্রিকীকরণ যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। ফসল কাটার সময় শ্রমিক সংকট এখন নিত্যবছরের সমস্যা। আর এই কৃষি শ্রমিক সংকট নিরসনের একটা সমাধান হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ। আধুনিক কৃষি যন্ত্রগুলো অল্প সময়ে অনেক বেশি জমিতে চাষাবাদ করতে পারে। কৃষিকে আধুনিক ও লাভজনক করার জন্যই সমবায় ভিত্তিক “সমলয়” চাষ পদ্ধতি। একটি মাঠের কিছু অংশের সকল কৃষক সবাই মিলে একই ধান, একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করবেন। এ পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপন ও ধান কর্তন সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সমলয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়। সমলয় চাষে একসঙ্গে রোপণ করা, একসঙ্গে ধান কাটা ও একসঙ্গে ধান মাড়াই করার ফলে সময়, শ্রম ও খরচ কম লাগবে। এ ক্ষেত্রে আপনারা লাভবান হবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বশির আহমেদ সরকার অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল। কৃষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আব্দুল মান্নান। রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মনোহরদী পৌরসভার হাররদিয়া ব্লকে ১০০জন উপকারভোগী কৃষক ৫০ একর জমিতে সমলয় চাষ করছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাগণ, কৃষক,কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি শ্যামল মিত্র সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.