মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
“বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫শে জুলাই) বিকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ এর আয়োজনে নরসিংদী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার-২০২২ এর শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রধান অতিথি বলেন, বিশুদ্ধ অক্সিজেন পেতে গেলে বেশি বেশি গাছ লাগাতে হবে।
একটি দেশের জন্য ২৫ ভাগ বনভূমি প্রয়োজন। আমাদের যে জীব বৈচিত্র একে ব্যালেন্সের জন্য তার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে। আমরা প্রত্যকে যদি গাছ লাগাই তাহলে তার কিছুটা পূরণ হবে। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বাতাসে কার্বনডাই অক্সাইডের পরিমান বেড়ে যাওয়া। এটিকে নিয়ন্ত্রণ করা যায় একমাত্র বেশি বেশি গাছ লাগিয়ে। জলবায়ু পরিবর্তনে যদিও আমাদের দেশ বেশি দায়ী না তবুও এর ক্ষতিকর প্রভাব থেকে আমরা মুক্ত নই। তাই বেশি বেশি গাছ রোপণ করতে হবে।
এই বর্ষায় গাছ লাগানোর উপযুক্ত সময়। যাদের বাড়ীর আঙ্গিনায় জায়গা আছে অন্তত তারা পাঁচটি করে গাছ লাগান। আমরা আগামী প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর ও নিরাপদ পৃথিবী রেখে যেতে চাই। মেলায় ২০টি স্টলে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ, ঔষধি ও ফুলের চারা পাওয়া যাবে। তারপর প্রধান অতিথি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পলাশ ফুলের চারা রোপন করা হয়। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে লভ্যাংশ বিতরন করা হয়। বির মানিকদি হইতে শিমুলিয়া এক কিঃমি পর্যন্ত ১৯৯৪-৯৫ অর্থবছরে সামাজিক বনায়নের শিবপুর উপজেলার উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের টাকা উপকারভোগী ২৪ জনের মাঝে ৪৪ হাজার দুইশত ষোল টাকা করে মোট দশ লাখ একষট্রি হাজার একশতো চৌরাশি টাকা বিতরন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ,জেলার বিভিন্ন উপজেলার বনকর্মকর্তাগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। মেলা আগামী ৩১শে জুলাই পর্যন্ত চলবে।
