নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ নিহত ৩

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগরে মুরগীবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুর উপজেলার পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)। তারা তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দুইজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় মুরগীবাহী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ও চালকের লাশ উদ্ধার করেন।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু খায়ের বলেন, আমরা ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের স্বজনেরা এসে বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছে। অনুমতি পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.