নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে । বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা।

নিহতরা হলো , রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১ ) এবং শেরপুর কান্দাপাড়া এলাকার কাউসার আহমেদ এর ছেলে সিয়াম আহমেদ আতিকুল ( ১০ ) । সে সাহাপুরে তার নানীর বাসায় থাকতো। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায় , সকালে রেল লাইনের পাশে একটি আম গাছের নিচে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু । পরে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আসলে তারা পাশের রেল লাইনে গিয়ে দাঁড়িয়ে তা দেখছিলো।

এই সময় পাশের রেল লাইন দিয়ে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নরসিংদী রেলওয়ে পুলিশের পরিদর্শক ( ইনচার্জ ) ইমায়েদুল জাহেদী ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.