রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ২০১০ সালে পাস হওয়া ড্যাপ কার্যকারিতা হারাল। সেই সঙ্গে নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) কার্যকরের জন্য প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়- রাজউকের আওতাধীন ১৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য ঢাকা মহানগর এলাকার ড্যাপের (২০১৬–২০৩৫) খসড়া ২০২০ সালে প্রকাশ করা হয়।
এরপর খসড়ার ওপর সুপারিশ ও আপত্তি দাখিল করার জন্য সবার কাছে আহ্বান জানানো হয়। পরে আপত্তি ও সুপারিশ বিবেচনা করে মহাপরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিতের বিষয়টি জানানো হয়।
কিন্তু প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত ২০১০ সালের ড্যাপের অধীনে যেসব কাজ সম্পন্ন হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো বৈধ বলে গণ্য হবে।
উল্লেখ্য যে, ২০১৫ সালের মার্চে সংশোধিত ড্যাপ প্রণয়নের কাজ শুরু করে রাজউক। ২০১৭ সালের ডিসেম্বরে ড্যাপ চূড়ান্ত করার কথা ছিল।
সে সময় কাজ শেষ না হওয়ায় ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। পরে দফায় দফায় সময় আরও বাড়ানো হয়।
