খুবিতে থ্রি মিনিট থিসিস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

শেয়ার

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল আয়োজিত ‘থ্রি মিনিট থিসিস’ কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ আগস্ট (বুধবার) বিকালে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শুরু হয়। এতে জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের মোট ১২ জন প্রতিযোগী তাদের থ্রি মিনিট থিসিস উপস্থাপন করেন। প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজিই ডিসিপ্লিনের আরিফা আফরোজ রিমি, কেএম সেলিম আন্দালিব ও অন্বেষা সাহানি। রানারআপ হয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মো. হাসান। পিপলস্ চয়েজ অ্যাওয়ার্ড পান সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের বহ্নিশিখা চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য দক্ষ দেশপ্রেমিক জনশক্তি তৈরি করা। এজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দিতে হবে। যাতে সে নিজেকে মেলে ধরতে পারে, আত্মবিশ্বাসের উন্নতি করতে পারে। কেননা আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, থ্রি মিনিট থিসিস নতুন কনসেপ্ট। এটি অত্যন্ত সুন্দর একটি কম্পিটিশন। থিসিস মানে একটা জিনিস দীর্ঘ করে লেখা। কিন্তু এখানে ব্যাপারটা উল্টো। মাত্র তিন মিনিটে একটি গবেষণাকর্ম উপস্থাপন করা অসাধারণ একটা বিষয়। থিসিসের ভীতি কাটিয়ে উঠে সবার সামনে সাবলীলভাবে উপস্থাপন করা আসলেই অনেক কঠিন। এটি সবাইকে মুগ্ধ করে।

জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির উপদেষ্টা এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। বিচারকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুর রউফ। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন আয়োজক কমিটির আহ্বায়ক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. আহসান হাবীব।

এর পরে উপাচার্য থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বাকি অংশগ্রহণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক, প্রতিযোগীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.