কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের বিরুদ্ধে।
(সোমবার) ১১মে রাত ৯টায় উপজেলার হাজ্বী ফাজিল মিয়ার বাজার ভাই ভাই ইলেক্ট্রিকে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ী মামুনুর রশিদকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মামুনুর রশিদ তোরাবগঞ্জ ইউনিয়নের মফিজ উল্যা’র ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে ওই বাজারের ব্যবসায়ী মামুনুর রশিদ মালিকানাধীন ভাই ভাই ইলেক্ট্রিক এ হামলা চালায় সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, সোহেল, বাবলু, হানিফসহ আরও কয়েকজন।
আহত মামুনুর রশিদ জানান, প্রথম ঘটনার বিষয়টি ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতনকে জানিয়ে দোকানে যাওয়ার সময় মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিতভাবে নাসির উদ্দিন মেম্বার তার ভাইসহ কয়েকজন আমার উপর হামলা চালায়।
সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, ঘটনাটি পুরোপুরিভাবে সঠিক নয়। আমার ছোট ভাই মামুনের কাছে টাকা পাবে এ নিয়ে তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ নুরুল আবছার বলেন,অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
