ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
এতে বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও বিভাগের সাবেক সভাপতি ড. রাকিবা ইয়াসমিনসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বাংলাদেশ চেঞ্জ এর ভিতরে আছে। বর্তমানে অনেক সভ্য দেশে বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে রাজনীতি এখন আবর্তিত হচ্ছে ডেভেলপমেন্টের যে অংশটা নিয়ে, সেটা হলো চেঞ্জ। এটা শুধু আর্থিক না, এর সাথে মানবিকতা, মানবাধিকার, প্রকৃতি-পরিবেশ রক্ষা ইত্যাদি জড়িয়ে আছে। তিনি বলেন, প্রত্যেকটা সাবজেক্ট-এর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে।
তিনি আরও বলেন, এক সময় আমরা জ্ঞান অর্জনের জন্য শিখতাম, তবে এখন যে বিষয়টি যুক্ত হয়েছে সেটি হলো আমরা শিখবো এবং এই শেখার মাধ্যমে কাজ করে খাবো। আপনাদের ভিতরে নতুন-নতুন উদ্ভাবনী চিন্তা আসবে এবং আপনারা এই ডিসিপ্লিনকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারা নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, পরিবার-পরিজন সব কিছুকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা এই আশাবাদ আপনাদের কাছে রাখতে চাই।
এসময় নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা। পরে বিভাগের কার্যক্রম নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
