তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামে আফগানিস্তানের বিপক্ষে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।
টানা দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। সিরিজ জয়ের সঙ্গে আইসিসির ওয়ার্ল কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ডকে সরিয়ে।
১৫ ম্যাচে ৯ জয়ে এক নম্বরে ছিল ইংল্যান্ড। বাংলাদেশ ১৪ ম্যাচে ১০ ম্যাচ জিতে পেছনে ফেলেছে ইংলিশদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানরা।
শরিফুলের ওভারের প্রথম বলে সিঙ্গেল রান নিতে গেলে আফিফ হোসেনের থ্রোতে স্টাম্প ভাঙলে ১ রানে বিদায় নেন ওপেনার রিয়াজ হাসান।
চতুর্থ ওভারের পঞ্চম বলে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ৫ রান করে ক্যাচ দেন শরিফুলের বলে মুশফিকুর রহিমের হাতে। চার নম্বর ব্যাটার আজমাতউল্লাহ ওমরযাইকে ৯ রানে ফেরান সাকিব আল হাসান।
