নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ১৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
সদর উপজেলার আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এফএম সেফায়েত ছালাম সমনের আদেশ দেন। সমনের আদেশপ্রাপ্তরা যাতে ওই বিদ্যালয়ের সভাপতি পদ থেকে বাদীকে সরিয়ে দিতে না পারেন, সে জন্য তিনি আদালতের শরণাপন্ন হন।
বাদীর আইনজীবী মাখন লাল সাহা জানান, আবদুল্লাহপুর গ্রামের জসিম উদ্দিন বাদী হয়ে ২৫ জুন লক্ষ্মীপুরের ডিসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাদের নামে সমন জারি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সদর উপজেলার আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জসিম উদ্দিন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান ও নৈশপ্রহরীর কাজে ফাঁকি দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর ছাড়াই ২০১৮ সালের বিভিন্ন সময়ে ১০ মাসের বেতন বেআইনিভাবে শিক্ষকরা ও নৈশপ্রহরী তুলে নিয়েছেন। এ ছাড়া জুন ও জুলাই মাসে কোনো ধরনের স্বাক্ষর ছাড়াই নৈশপ্রহরী বেতন উত্তোলন করেন। তাদের এসব অন্যায়ের প্রতিবাদ করায় সভাপতি পদ থেকে বাদীকে সরিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের শিক্ষকরা।
সমন জারিপ্রাপ্ত অন্যরা হলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. সালেহ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার, আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন নাহার, সহসভাপতি আবদুস সহিদ, সহকারী শিক্ষক মো. নুরুন্নবী, শারমিন আক্তার, জান্নাত ফেরদৌস, লুৎফুর নাহার, মনির হোসেন, নৈশপ্রহরী সাইফুল ইসলাম ও পরিচালনা কমিটির সদস্য মর্জিনা আক্তার।
এ ব্যাপারে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, মামলা ও সমন জারির বিষয়ে এখনো তার কাছে কাগজপত্র পৌঁছেনি। তবে বিদ্যালয় পরিচালনা কমিটি বিষয়টি সম্পর্কে অবগত নয় বলেও জানান তিনি।
