লক্ষ্মীপুর:
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে আকাশে রোদ ছিল। বেলা বাড়তেই রোদ-বৃষ্টির লুকোচুরি দেখা দেয়।
এদিকে, লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ফণীর সতর্কতায় জনগণকে সচেতন করতে বৃহস্পতিবার (২ মে) থেকে মাইকিং চলছে।
জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সদরের মজু চৌধুরীর হাট, কমলনগর ও রামগতি এলাকার নদী তীরবর্তী বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। মেঘনার বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলের মানুষ, গরু, মহিষসহ নিয়ে আশ্রয়কেন্দ্রে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে।
লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌপথের সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
লক্ষ্মীপুরে ফণী মোকাবিলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরইমধ্যে ৬৬টি মেডিকেল টিম গঠন, সরকারি বরাদ্দের ৩৭৫ মেট্রিক টন চাল ও দুই হাজার ৫০০ বস্তা শুকনো খাবার ও আট লাখ টাকা মজুদ রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১০০টি আশ্রয় কেন্দ্রসহ সব পাকা শিক্ষাপ্রতিষ্ঠান।
