গাজায় চলমান বর্বরোচিত ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান পালিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকাল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সেখানে লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে। দলে দলে উদ্যানে আসছে মানুষ। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রির ধুম পড়েছে। অনেক আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই।
সকাল সাড়ে ১০টার মধ্যেই সারা দেশ থেকে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মানুষের ঢলে সমাবেশস্থলের অর্ধেকের বেশি জায়গায় ভরে গেছে। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিন পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যা-কার্ড দেখা গেছে।
