ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

শেয়ার

চ্যাম্পিয়নস ট্রফি শেষেই তাদের মুখ থেকে এমন কিছু শোনার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। যে বিদায়ে বিরাগী সুরের চেয়েও বড় হবে সম্ভাষণ। সেই কাজটা সেরে ফেললেন মুশফিকুর রহিম। বুধবার রাত সোয়া ১১টায় নিজের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

গত সোমবার বিসিবির সভা শেষে মুশফিক ও মাহমুদউল্লাহর অবসর নিয়ে প্রশ্ন শুনতে হয়েছিল বিসিবি পরিচালকদের। সেসময় কিছু বলতে পারেননি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছিলেন।

তবে সেই আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত একজনের সঙ্গে আর করতে হচ্ছে না। মুশফিক নিজে থেকেই অবসরের ঘোষণা দেওয়ায় কাজটা সহজ হয়ে গেল। কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডের তালিকা থেকে এবার সহজেই মুশফিকের নামটা সরিয়ে নেওয়া যাবে।

https://www.facebook.com/share/p/1QSRbPXKPE/

মুশফিকের অবসর ঘোষণার স্ট্যাটাস।

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ দুই ক্রিকেটারের দলে থাকা নিয়ে সমালোচনা হচ্ছিল। বিশ্বকাপের জন্য দুই বছরের চিন্তা নিয়ে বিসিবি নতুন ক্রিকেটার তৈরি করবে। কিন্তু অভিজ্ঞদের ছাঁটাই করে তা সম্ভব হচ্ছিল না। মুশফিক এগিয়ে এসে কাজটা সহজ করে দিলেন।

বিদায়ী বার্তায় ফেসবুকে ক্রিকেটপ্রেমীদের সালাম জানিয়ে কুরআনের বাণীর উদ্ধৃতি দিয়ে মুশফিক লিখেছেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাটে আমার অবসর ঘোষণা করছি।

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক আসরে আমাদের অর্জন হয়তো সীমিত, তবে একটা বিষয় নিশ্চিত : যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি আমি একাগ্রতা এবং সততার সঙ্গে শতভাগের বেশি দিয়েছি।

শেষ কিছু সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আমি অবশেষে আমার ভবিষ্যত বা নিয়তিটা বুঝতে পেরেছি। কুরআনে আল্লাহ বলেছেন, “আমি যাকে ইচ্ছা সম্মানীত করি আর যাকে ইচ্ছা অসম্মানীত করি”।

আশাকরি সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে মাফ করবেন এবং সঠিক ইমান দান করবেন।

অবশেষে আমি আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের যাদের জন্য ১৯ বছর ক্রিকেট খেলেছি তাদের হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক বাংলাদেশের হয়ে ২৭৪ ওয়ানডেতে ২৫৬ ইনিংস ব্যাট হাতে নেমে ৭৭৯৫ রান করেছেন ৩৬.৪২ গড়ে। ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি আছে তার ঝুলিতে। ২০০৬ সালে জিম্বাবুয়ের হারারেতে অভিষেক হয়েছিল মুশফিকের। ওই ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.