র‌্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ জাতিসংঘের

শেয়ার

গত জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বেশ কিছু সুপারিশ করেছে জাতিসংঘ মানবাধিবাকার কমিশন। সেখানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-কে বিলুপ্ত করার সুপারিশ করেছে সংস্থাটি।

একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর কার্যক্রম সীমিত করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আধা-সামরিক বাহিনী আনসার ও ভিডিপিকে নিরস্ত্র করার পরামর্শও দেওয়া হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। কোনো অতি জরুরি মূহুর্ত ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন না করতেও পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও আইনের অপব্যবহারের ওপর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন তাদের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে র‌্যাব ও এনটিএমসি- এই দুই সংস্থারকে বিলুপ্ত করার কারণ দেখানো হয়েছে এই দুটি সংস্থা মানবাধিকার লঙ্ঘনে যুক্ত এবং নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে। সংস্থা দুটির বিরুদ্ধে জাতিসংঘের তদন্তকারী দল মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে। এনটিএমসির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এটি নাগরিকদের গোপনীয়তা এবং ব্যক্তিগত অধিকার সংকুচিত করেছে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য বিপজ্জনক। তাই নজরদারি রোধে নতুন করে এনটিএমসিকে সংস্কার করার কথা বলা হয়েছে।

এছাড়া বিজিবি ও ডিজিএফআই-এর কর্মকাণ্ডকে সীমিত করতে বলা হয়েছে যাতে করে তাদের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার রোধ করা যায় এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকে। জাতিসংঘের তদন্তকারী দলের মতে, এই সংস্থাগুলোর কর্মকাণ্ডেও বেশ কিছু অনিয়ম এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

জাতিসংঘের প্রতিবেদনে মোট ৫০টি সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। এই সুপারিশগুলো মানবাধিকার সংরক্ষণ এবং সত্য উদঘাটন করতে সহায়ক হবে, বিশেষত গণহত্যা ও গুমের মতো বিচারবহির্ভূত কর্মকাণ্ডের তদন্তে। সংস্থাটির পরামর্শ হলো, এসব ঘটনাগুলোর তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পক্ষপাতহীনতার সঙ্গে করতে হবে, যাতে দোষী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হতে পারে।

জুলাই-আগস্টে পুলিশ ও বিজিবির দ্বারা সংঘটিত অপরাধের বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করার কথাও বলেছে জাতিসংঘ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.