ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।
রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২৮তম সভায় তিনি এ কথা বলেন।
রাজধানীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভোক্তাদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সঠিক প্রচারপত্র তৈরি করে স্টেকহোল্ডারদের কাছে পৌঁছাতে পারলে সেলফ কারেকশন চলে আসবে। ভোক্তা তার অধিকার জানতে পারলে তারমধ্যে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে।’
উপদেষ্টা বলেন, ব্যক্তিগত জীবনে ও পারিবারিক জীবনে আমরা সবাই ভোক্তা। নিজেদের সুরক্ষিত রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রত্যেক মানুষের সমাজে দায় রয়েছে, সে দায় সম্পর্কে তাদের অবহিত করা দরকার।
প্রয়োজনে শিক্ষা কার্যক্রমে ভোক্তার অধিকার ও নৈতিকতা বাড়ানোর ধারণা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল আলিম খান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ক্যাব) সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির ভূইয়া,বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি বক্তব্য রাখেন।
