ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতেছে আর্জেন্টিনা।
বর্ষসেরা হওয়ার পথে আর্জেন্টিনা পেছনে ফেলেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জেতা রিয়াল মাদ্রিদকে।
বিশ্বের ১১১টি দেশের ৫১৮ সাংবাদিকদের নিয়ে ভোটিং প্যানেল রয়েছে সংস্থাটির। তাদের ভোটেই জয়ী হয়েই তৃতীয়বার এই স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা।
শীর্ষস্থান দখল করতে আর্জেন্টিনা অর্জন করেছে ৫৭৯ পয়েন্ট। ফুটবল দল হিসেবে স্পেন ৫৫২ ও লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ৫৩২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়েছে।
বিদায়ী ২০২৪ সালে দারুণ পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। সে বছরের জুলাইয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা জিতে টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছিল লিওনেল মেসিরা।
লাতিন আমেরিকা ২০২৬ বিশ্বকাপ আঞ্চলিক বাছাইয়েও দুর্দান্ত ছিল আর্জেন্টিনা। পারফরম্যান্স দিয়ে টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে পয়েন্ট ২৫।
এআইপিএস ঘোষিত পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডাপলেনটিস। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আমেরিকার জিমন্যাস্ট সিমনে বাইলস।
এআইপিএস নির্বাচিত ২০২৪ সালের সেরা ১০ দল
১. আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল (৫৭৯ পয়েন্ট)।
২. স্পেন পুরুষ জাতীয় ফুটবল দল (৫৫৩ পয়েন্ট)।
৩. রিয়াল মাদ্রিদ পুরুষ ফুটবল ক্লাব (৫৩২ পয়েন্ট)।
৪. পুরুষ বাস্কেটবল দল (৩৬০ পয়েন্ট)।
৫. বার্সেলোনা নারী ফুটবল ক্লাব (২৭৮ পয়েন্ট)।
৬. ইতালি নারী জাতীয় ভলিবল দল (২১৯ পয়েন্ট)।
৭. বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল (১৮৪ পয়েন্ট)।
৮. যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্টিকস দল (১৭২ পয়েন্ট)।
৯. ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব (১৭০ পয়েন্ট)।
১০. ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল (১৬৫ পয়েন্ট)।
