লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশের দাফন সম্পন্ন

শেয়ার

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশের মরদেহ দাফন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাছিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
পলাশ দৈনিক রূপবানী পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্মাতক (পাস) চূড়ান্ত বর্ষের ফলপ্রত্যাশী ছিলেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাছিমনগর গ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিক পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান। ময়না তদন্তের জটিলতার কারণে গত ৪ দিন ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমাগারের রাখা হয়েছিল পলাশের মরদেহ। ময়নাতদন্ত শেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা মনির হোসেন সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন। এরমধ্যে ফয়েজুন নেছাকে গ্রেফতার করা হলেও অন্যরা পলাতক রয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.