নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. লিটন ও শরীফ হোসেন নামের দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বখাটে যুবক শরীফ ওরপে গাঁজা শরীফের বিরুদ্ধে। শনিবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতরা জানান, উপজেলার টুমচর গ্রামের পাটোয়ারী বাড়ীর সাখাওয়াত উল্লাহর ছেলে শরীফ ওরপে গাঁজা শরীফ দীর্ঘদিন ধরে টুমচর গ্রামে রাস্তার উপরে প্রকাশ্যে গাঁজা ও মদ সেবন করে আসছে। স্থানীয় প্রভাবশালী এক নেতার বাড়ীর লোক হওয়ায় তার ভয়ে মুখ খুলছেনা কেউ। ঘটনার রাতে স্থানীয় সবুজের দোকানে তাকে মাদক সেবন করতে মানা করলে সে ক্ষিপ্ত হয়ে দামা দিয়ে ওই দুই যুবককে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অশ্রেণীভুক্ত
মাদক সেবনে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরে দুই যুবককে কুপিয়ে জখম
