লক্ষ্মীপুরে বিদ্যালয়ে ৭ মাস অনুপস্থিত শিক্ষক : পাঠদান ব্যাহত

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতনসহ সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। ফলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে হিমশিম খেতে হচ্ছে অন্যান্য শিক্ষকদের। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী একটি চক্র ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার যোগসাজশে প্রায় ৭ মাস যাবত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। অন্যান্য শিক্ষকদের ধারণা ডেপুটেশনের নামে এ এক নতুন বাণিজ্য।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার বালাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষক আফসানা আক্তার পিংকি (এইচএসসি পাশ) এ ঘটনার সাথে জড়িত। তিনি ২০১৭ সালের জুলাই মাস থেকে নিজ বাড়ির নিকটবর্তী পূর্ব ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা যাওয়া করছেন। অথচ বেতনসহ সরকারি অন্যান্য সব সুযোগ সুবিধা ভোগ করছেন বালাশপুর বিদ্যালয়ের নামে। মজার বিষয় হচ্ছে পিংকি কিভাবে অনুপস্থিত থেকে এভাবে সুযোগ নিচ্ছেন এর কিছুই সুনির্দিষ্টভাবে জানেন না বিদ্যালয়টির প্রধান শিক্ষক।

জানতে চাইলে বালাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না রাণী ভৌমিক বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে এ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে প্রথম যোগদান করেন আফসানা আক্তার পিংকি। ৪ মাস নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। এরপর কোনো কারণ ছাড়াই তার নিজ এলাকার একটি বিদ্যালয়ে তিনি চলে যান। সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ মাহমুদের নির্দেশনা মোতাবেক তিনি এ বিদ্যালয়ে কর্মরত বলে বেতন পাচ্ছেন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। তাছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি ফারুকুর রহমানের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত।

সহকারি শিক্ষক আফসানা আক্তার পিংকি মুঠোফোনে বলেন, আমার বাবা জহির উদ্দিন ও জেলা পরিষদের সদস্য আফজাল হোসেন আমাকে পূর্ব ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করানোর জন্য বলেন। তবে শিক্ষা অফিস থেকে নির্দেশ আসলে আমি আগামীকাল থেকেই বালাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যাবো।

সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ মাহমুদ জানান, উপরস্থ কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পিংকিকে ওই বিদ্যালয়ে ডেপুটেশন করা হয়েছে।

অন্যদিকে সহকারি শিক্ষকদের অনেকের অভিযোগ, চাকরী শুরুর চার মাসের মাথায় নিজ এলাকার কোনো বিদ্যালয়ে ডেপুটেশনের মাধ্যমে যাওয়ার সুযোগ নেই। কারণ সহকারি শিক্ষকদের অনেকেরই নিজ এলাকার বিদ্যালয়ে পদশূণ্য থাকা সত্ত্বেও দূরের বিদ্যালয়ে কর্মস্থল।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.