আজ বুধবার লক্ষ্মীপুরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউস্থ সরকারি বাসভবন থেকে সড়ক পথে রওনা দিবেন তিনি। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মাহবুবুর রহমান ভূঁঞা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রীত্ব লাভের পর এ প্রথম নিজ জেলায় সফরে আসছেন এ কে এম শাহজাহান কামাল। নির্ধারিত ৪দিনের সময় ও কর্মসূচী শেষে তিনি ঢাকায় ফিরে যাবেন বলে কথা রয়েছে।
এদিকে মন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার ও ফেস্টুন লাগিয়ে মন্ত্রীকে অভিনন্দন ও সু-স্বাগতম জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাছাড়া বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিমানমন্ত্রীর ছবিযুক্ত তোরণে তোরণে শহরের অলিগলি এখন বর্ণিলরূপ ধারণ করেছে। বিভিন্ন ধরণের ফুলে গাড়ী সাজিয়ে জেলা জুড়ে মাইকিং করা হয়।
অন্যদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে সব সময় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি’র এ সফরে জেলার উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গণে নতুন মাত্রা যোগ হবে বলে বিশ্বাস স্থানীয় নেতাকর্মীদের।
