দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত কারা ভোটের মাঠে লড়াই করবেন তা জানা যাবে। আজ রিটার্নিং কর্মকর্তার কাছে অফিস চলাকালীন বৈধ প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপরই ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটের মাঠে লড়াই করা প্রার্থিদের তালিকা জানা যাবে।
বিকেল চারটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আগামীকাল সোমবার হবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।
আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোকে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম জানিয়ে দিতে হবে। কোনও দল তার দলীয় প্রতীক জোটভুক্ত দলের কোনও প্রার্থীর অনুকূলে বরাদ্দ দিতে চাইলেও সেটা এ সময়ের মধ্যে করতে হবে।
তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন।
